জীবনকথা - পার্থ প্রতিম গুহ নিয়োগী।


মিলন মূর্তির নিচে জমাট অন্ধকার,
ফণা ধরে   বসে আছে বিষাদের রঙ---
হাওয়ায় মেশার আগে থাক আরো কিছুদিন
শূন্যমঞ্চে এভাবেই  জীবনের ঢঙ।

থাক মগ্ন আঙুল কালো নিশীথের নগ্ন বুকের 'পরে,
টুকরো আলোর চিত্রলতা হৃদয়হরণ করে,
ইচ্ছেগুলি ছিন্নবসন গন্ধমাতাল---
উন্মাদনার ঝড়ে।

চলে যেতে যেতে হে আমার ফেরার পিয়াসা---দেখো তুলে চোখ অতিক্রান্ত দিনের ললাট,
মন আগুনে বন পোড়ে রে, হাওয়া ঘোরে
জানালা খুলে দাঁড়িয়ে থাকে চৈত্রের মাঠ।

হে রাত্রি, শোনো বাসনায় ব্যাকুল  প্রেমালিঙ্গনের গান---
আশ্লেষে আরক্ত তিথি, উষ্ণ বাহুমূল
শিয়রে সফেন সমুদ্র তরঙ্গ-সঙ্কুল;
মঞ্জুরিত পত্রছায়ায় দেখো পুস্পের প্রয়াণ।
১৭/০২/২০২১

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

একলা চলার মহিমা।

ডায়েরির পাতায় আপনার চিন্তা প্রকাশের কৌশল।

পুরোনো বইয়ের দোকান।