জীবনযুদ্ধ - পার্থ প্রতিম গুহ নিয়োগী।
মোবাইল ফোনের অ্যালার্মে ঘুম ভাঙে খুব ভোরে আধো অন্ধকার আকাশটা তাকিয়ে থাকে হা করে ; তখনও ক্লান্তি থাকে কোষ গুলো দখল করে তবুও শ্রমজীবী জীবিকার তাগিদে বিছানা ছাড়ে । ঘুম চোখে মাথা গুঁজে হেঁটে চলে ওরা সবাই প্রত্যেকে ওরা জীবন যোদ্ধা ; করছে শুধু লড়াই ; ফোরম্যানের কর্কশ গালি তবুও করে যায় সেলাই ওরাই আঁধারে আলো জ্বালানোর সুপ্ত দেয়াশলাই । ফেরার পথে কষ্টের বংশকে অভিশাপ দিয়ে ঘরে ফেরা আর সিগারেটের ধোঁয়ায় ক্লান্ত শরীরটাকে চাঙা করা ; এ যেনো ওদের দৈনন্দিন জীবনেরই সাথে বোঝা পড়া তবুও সুন্দর আগামী দিন গড়ার প্রত্যয়ে প্রত্যয়ী ওরা । সুতোর কাজের জোরেই ওদের নতুন দিনের স্বপ্ন তাই নতজানু হয়েও ওরা কাজ করে চলে নিমগ্ন ; ধনীর স্বার্থে শ্রমে শ্রমে জীবনটা হয়ে যায় বিপন্ন তবু শ্রমিকের রক্তেই ধনীদের তৃষ্ণা মেটে আজন্ম । অভিশপ্ত রোদে তামাম শহর আজকে পুড়ে যায় শ্রমিকের ঘামে তবুও এই শহর সচলই রয়ে যায় ; গরীবের অশ্রু আর ঘামে ধুয়ে যাওয়া সেই রাস্তায় যুগে যুগে ধনীরাই চড়ে দামী গাড়ি আর হাঁটে লাল গালিচায় ।