পাষাণ দেশ - পার্থ প্রতিম গুহ নিয়োগী।


বন্ধুরা আমার ... বরাবরের মতো,
প্রতিদিন আমাদের পেতে হয় আঘাত!
মাথায় যাদের নিরেট পাথর, আছে শুধু জেতার লোভ,
তারা মারে আমাদের, আমরা যারা নির্দোষ...
অন্ধ মতবাদের এই বিষাক্ত লতা
আমি জানতে চাই, পোঁতা আছে,কোথায়...
সহজাত এই বিষময় চারায়
জীবন এত উর্বর হল কেন!
পায়ে পায়ে জনতা এগিয়ে গিয়েছিল
দু’চোখে ভরা সত্য নিয়ে নিজ স্বাধিকার প্রয়োগে
তখন বিরোধীর ধৈর্যের বাঁধ ভাঙল, সকল বুদ্ধি লোপ পেল...

যার পরিণাম হল...সহসা সব ছত্রভঙ্গ,
শত্রুতার সন্দেহ প্রতিটি নির্দোষের প্রতি!
আমরাও তখন, নিজের অজান্তেই কথা বলি... আঁধার ঘোচানোর স্বপ্ন দেখি আলো দিয়ে!


এই দুইয়ের দ্বন্দ্ব থেকে যে অবস্থা তৈরি হল
বেশিরভাগ মানুষ তার নাম দিল সন্ত্রাস...
ঘৃণ্য কীর্তির এই প্রতিক্রিয়া!
মানুষ এভাবেই নাম দিতে অভ্যস্ত!
তবু, আমাদের জীবনের অভিজ্ঞতা এর চেয়ে ঢের গুণ বীভৎস!
মানুষ যখন অপরকে মারতে এগিয়ে যায়...
অথবা যখন তারা পুড়িয়ে দেয় গাড়ি, যেগুলির গায়ে জ্বলজ্বল করছে অশোক চক্র

বন্ধু আমার
কিন্তু তোমাকে আমি একথা কেনই বা বলছি?
এই হৃদয়হীনের দেশে... কেমন করে বুঝি, যে এখনও তুমি পুরোপুরি পাষাণ হয়ে যাও নি?
এই পাষাণ দেশ...আমি জানি, মানুষের মন সত্যিই পাথর...
পাষাণেরা আঘাত শানায় নারী আর বালিকার দিকে,
পাশবিক আক্রমণ নামিয়ে আনে তাদের উপর,
ক্ষতবাহিত রক্ত স্রোত তাদের উল্লাসের সাক্ষ্য বহন করে...
রক্ত হিম করে দেওয়া সেই ঘটনার স্মৃতি...
জ্বলে ওঠে, রক্তের তেজে, আমার ভেতরের ‘আমি’
আমারও ইচ্ছে করে ঘুরে দাঁড়াতে আর আঘাত করতে অন্ধত্বের মূলে...
অশিক্ষার গোড়ায়, যা মানুষের কাছ থেকে কেড়ে নেয় মানুষ পরিচয়টাই!
চৌরাস্তায় দাঁড়িয়ে তারা প্রকাশ করে তাদের যত গর্জন, দৈন্য আর প্রতিশোধ
তখন আমারও ইচ্ছে করে নামতে পথে, 
ভেকধারীদের  আসল চেহারা উন্মোচন করার অভিপ্রায়ে!
... হে  আমার শিক্ষা ... তুমি, শুধু তুমিই,
আমাকে বাধ্য করেছ রুখে দাঁড়াতে !
১১/০৪/২০২১

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

একলা চলার মহিমা।

ডায়েরির পাতায় আপনার চিন্তা প্রকাশের কৌশল।

পুরোনো বইয়ের দোকান।