নারীর মর্য্যাদা - পার্থ প্রতিম গুহ নিয়োগী।
জীবনে কখনও শ্রেষ্ঠ নারী কখন বা নর,
শ্রেষ্ঠত্বের লড়াই লড়ছে পরস্পর।
একটি পাখি দুইটি ডানার নির্ভরতায় ওড়ে,
একটি ডানা নষ্ট হলে রইবে নীচে পড়ে।
নারী তবু পায়নি আজো সমানাধিকার ,
নারী কেন পায় না তাঁর মানবাধিকার?
একই সমান শ্রম দিয়ে সে পায়না সমান দাম,
এক সমাজে বাস তবু অকারণে নারীদের বদনাম।
পছন্দমত পোষাক পরায় পায়নি স্বাধীনতা,
সব স্তরে নারীর জীবনে কেন এই পরাধীনতা?
একই মায়ের গর্ভজাত হয়েও সর্বদা বঞ্চিত,
স্থাবর ও অস্থাবর সব নরের জন্য সঞ্চিত।
বিয়ের পরে স্বামীর ঘরে পণপ্রথার হয় বলি,
জন্ম জন্ম আসছে এই নির্লজ্জ প্রথা চলি।
প্রাণহানি আর মানহানিতে পায়না সে সুবিচার,
পুরুষশাসিত এই সমাজে নারীর পরে এতই অত্যাচার।
ক্ষমতায়ন হচ্ছে নারী কিন্তু অসহায়,
মান সম্মান নিয়ে নারী পাচ্ছে না কোন ন্যায়।
ইচ্ছা ক’রে পুরুষ তারে করে নির্যাতন,
তাহলে আজ এই সমাজে কিসের পরিবর্তন?
সভ্যতার এই স্বর্ণ শিখরে, আজও বর্ণচোরা নর,
উন্নয়নের গল্প শুনে হয় সে শ্রুতিধর।
ডিজিটাল এদেশ প্রযুক্তি নির্ভর,
তবু কেন ধর্ষণ হয়? কারা এই বর্বর?
২৬/০৪/২০২১
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন