একেই কি প্রেম বলা যায়?- পার্থ প্রতিম গুহ নিয়োগী।
দিনের শেষে যখন দেখেছিলাম তাকে,
গোধূলি লগ্নের অস্তগামী সূর্যের রক্তিম আভা
ছড়িয়ে পড়েছিল নিষ্পাপ মুখে ।
অপ্রস্তুত সলজ্জ চেহারা আমায়
বশ করেছিল,
আমার সর্বস্ব তোমার কাছে বাঁধা পড়েছিল।
ভালোবাসা তৃপ্ত হৃদয়ে লিখেছিলাম
আমার মনের এক মহাকাব্য-
যেখানে ভালোবাসা আর লজ্জা মিলেমিশে একাকার!
এক পুরুষের তৃষ্ণার্ত চোখের সামনে এক নারী!
এ কি অপরূপ সৃষ্টি বিধাতার!
এ এক অতি দুর্লভ দৃশ্য
যা আলোড়িত করে কল্পনাকে!
জানিনা, এটি জগতের এক অতি অপূর্ব দৃশ্য কিনা?
আমি সুন্দরের পূজারী তাই পূজেছিলাম তাকে।
আমি যুবক; যুবতীর সলাজ রক্তাভ বদন,
নিষ্পাপ চাহনি হৃদয়ে তুলেছিল আলোড়ন!
আমার যৌবন; আমার সমস্ত দেহ-মন
ব্যাকুল হয়ে উঠেছিল-
তার কাছে যেতে,পাশে বসতে
ও বলতে কিছু কথা-
যা পৃথিবীর আর কেউ যেন শুনতে না পায়।
একেই কি প্রেম বলা যায়?
০৫/০৫/২০২১
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন