স্বপ্নের প্রেম - পার্থ প্রতিম গুহ নিয়োগী।
অক্লান্ত ছুটে চলা পৃথিবীর অগ্রগতির রথে
প্রতিদিন যুদ্ধ যে হতভাগ্য জীবনের সাথে
দূষণের নিষ্ঠুর বিষাক্ত ছোবল জ্বালা ধরায় বুকে
সূর্যের প্রখর আলোয় দূর কুয়াশার ফাঁকে
তোমাকে দেখি...অস্পষ্ট আলপনায় ভালবাসার সাঁজে,
ক্লান্ত দেহে আমি ছুটে চলি সীমাহীন দিগন্তের মাঝে।
প্রখর রোদে ... হঠাৎ উধাও শ্রান্ত নদীর জলে
গোধূলী রঙের শাড়ী পরে মিলাও রাতের অন্ধকারে
ষোড়শী যৌবন, চঞ্চল মন আমায় করে তাড়া
দেখিনি যার চোখে ভালবাসা তারই আহ্বানে,
চলেছি ছুটে অজানা পথে অজানা লক্ষ্য পানে,
থমকে গেছে ক্ষুধার্ত মন স্বপ্ন আছে চোখে ,
তোমার লুকনো আঁচলের প্রতিটি ভাঁজে ভাঁজে
লুন্ঠিত হৃদয়ের সংখ্যায় আগ্রহ নেই আমার..
তোমার কাজল চোখের দীঘল গভীরে
দেখেছি নিস্পাপ প্রেমের মৃত্যু বহুবার।
তোমার নিটোল দেহের ছন্দে কামনার আহ্বান,
রক্তে মাদকতা, অজানা শিহরণ, অবিরাম মথিত স্বর -
জয়ের অদম্য স্পৃহায় রক্তিম তোমার স্ফুরিত অধর,
চুম্বন - দংশনে রক্তের পিপাসায় ইচ্ছের
হুটোপুটি ।
০৬/০৫/২০২১
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন