প্রেমের খন্ডগ্রহণ- পার্থ প্রতিম গুহ নিয়োগী।
আমার কন্ঠস্বর তোমার কানে পৌছবার কথা নয়!
তোমার থেকে যোজন যোজন দূরে থাকা এই আমার ব্যথিত হৃদয়ের
নীলচে আলোকরশ্মিটা তোমার চোখের মনি ভেদ করে
চোখের কোন কোষেও তো পৌছানোর কথা নয়!
আমিতো তোমার চোখে ঢেলে দেইনি
দু'ফোঁটা লবনাক্ত জল!
কি করে বুঝলে তুমি প্রিয়তমা?
তবে কি তোমার হৃদয়কে ছুঁয়েছে আমার দীর্ঘশ্বাস ?
আমার জন্যে পাঠিয়ে দিলে কি তাই এক আঁজলা প্রেম ?
আমিতো তোমার হৃদয়ে বার্তা দেইনি
বিরহী শ্লোকের একটুকরো পংক্তি!
আমিতো বাতাসে ছড়িয়ে দেইনি
আমার কষ্টের ঝাঁঝাল ঘ্রাণ!
যা কিনা বাষ্প হয়ে প্রবেশ করবে তোমার হৃদরন্ধ্রে।
অপেক্ষায় থেকে থেকে হৃদয়ে স্মৃতিদের মৌন মিছিল আজ বড়ই ক্লান্ত।
কান্নারাই বুকে হাত বুলিয়ে দেয়
ভাল থাকি সেই আবেশেই,নয়ত ভাল থাকার চেষ্টা করি,
ঝাপিয়ে পড়ি ভালবাসার কল্পিত বুকে,
তুমি দ্বন্দ্বের আকাশে ঘনিয়ে আসা মেঘে
বৃষ্টি ভিজবে বলে দূরে থাক এ ভাঙ্গা-ডানা পাখির থেকে।
তবু পাখি চক্ষু বুজেই থাকে,খন্ড গ্রহণ
দেখবার আশায়।
০৭/০৫/২০২১
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন