এখন বড় দুঃসময় - পার্থ প্রতিম গুহ নিয়োগী।
এখন বড় দুঃসময়।
অস্তিত্বের সংকটে পড়ে
কেবলই খুঁজে ফিরি এক
নিরাপদ আশ্রয় বারবার।
আমার মধ্যমা আঙ্গুলিতে শীতল স্পর্শ,
আলতো পায়ে পথ চলা;
স্নেহের স্নিগ্ধ পরশে এখনও চিরঞ্জীব ভালোবাসা।
ইস্পাত কঠিন দু'টো শক্ত হাতে ছিল
আমার সকল নির্ভরতা,
আমার অস্তিত্ব রক্ষার অনন্ত অভিলাষ।
অনুভব করতে বড্ড দেরি করে ফেলেছি
যখন বুঝতে পারলাম,
আমার একটু ছায়া দরকার
যেখানে একটু শীতল পরশ, অথচ
মাথার উপর ঐ দু'টি হাত নেই।
তখন কেঁপে উঠি নিরাপত্তাহীনতায় ।
সনাতন আশ্রয়ে তবে কি খুঁজে ফিরি ?
ঐশ্বরিক কৃপা কিংবা অদৃশ্য কোন আশীর্বাদ।
যেখানে আমাকে বেঁচে থাকতে হবে,
হয়তো প্রতীক্ষায় আমার-ই
কোন অনাগত বংশধর।
তাদেরও বড় অসময়, প্রয়োজন একটু শীতল ছায়া।
অমলিন দূষণহীন একটুকরো পৃথিবী।
মোহ - মায়ায় প্রলুব্ধ এ পৃথিবীর কঠিন ইতিহাসে
এখন বড় দুঃসময়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন