একটা তুই.... - পার্থ প্রতিম গুহ নিয়োগী।
একটা তুই - র খুব প্রয়োজন, ভারী হবে কতো?
বইতে পারব , আছে শক্তি অনেক - ভয় করি না অতো।
অভিমানী একটা তুই - র যখন তখন থাকবে ফুলে গাল,
সেই তুইকে বাসবো ভালো ভীষন নির্ভেজাল।
একটা তুই জ্বরের ঘোরে জাপটে ধরে রাতে,
বলবি কেঁদে কানের কাছে হাত রাখোনা হাতে।
একটা তুই থাকলে হবে আমার হাজার ভুল,
দীঘল খোঁপায় উঠবে হেসে এক বসন্তের ফুল।
একটা তুই - র কান্না পেলে হুঁশ হারাবো আমি,
বুকের মাঝে আঁকড়ে ধরে থাকবো দিবারাতি ।
একটা তুই ঘরটা জুড়ে আনবে সুখের বান,
সেই তুই - টার জন্য আমার মন করে আনচান।
একটা তুই বসলে পাশে উঠবে কেঁপে মন ,
থাকবে দারুন শান্তি সুখে আনন্দে জীবন ।
একটা তুই আমার হলেই চাই না কিছু আর,
দু'জন মিলে গড়বো আদর্শ সংসার।।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন