কল্পনার সিন্দুক - পার্থ প্রতিম গুহ নিয়োগী।

ইচ্ছে আমার একটা সিন্দুক বানাবো, দামী কাঠের, দর্শনীয় সংগ্রহশালা , ভিতরে অসংখ্য কুঠুরি;
আমার যত আপন কথা, ঘুমিয়ে থাকবে খোপে খোপে,
যাদের বুকে নিয়ে বয়ে বয়ে আমি ক্লান্ত।
লোকসমাজে যারা অপ্রকাশ্য, তারা
শান্তিতে ঘুমোক ঐ সিন্দুকে, লোকচক্ষুর আড়ালে। 

আরও কত কথা লোকে জমা রেখে যায়;
'কাউকে বোলো না' - বলি না..
কালে কালে, যার কথা সেও ভুলে যায়,
এভাবে, বন্ধকী কথা জমতেই থাকে, জমতেই থাকে..
তাদেরও রাখবো ঐ সিন্দুকের অন্ধকারে। 

সিন্দুকটা থাকবে বৈঠকখানা ঘরে , প্রকাশ্যে
সুন্দর কাজ করা চিকনের ঢাকা,
তার ওপর সাজিয়ে রাখবো তিনটি বাঁদর পুতুল,
যারা কিছু দেখে না, শোনে না...বলে না; 

বাড়িতে যারাই আসবে, তারিফ করবে
আমার রুচিবোধের, শুধু আমি জানবো
আপাত নিরীহ এই সজ্জার আড়ালে
কি ভয়ংকর সত্য সব ঘাপটি মেরে আছে,
মুক্তি পেলে যারা একটা
সভ্যতা ধ্বংস করতে পারে এক মূহুর্তে!
মজবুত একটা সিন্দুক তাই বানাতেই হবে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

একলা চলার মহিমা।

ডায়েরির পাতায় আপনার চিন্তা প্রকাশের কৌশল।

পুরোনো বইয়ের দোকান।