প্রেমের  সেকাল ও একাল - পার্থ প্রতিম গুহ নিয়োগী।

সেকালের প্রেম ছিল এক ছন্দে ভরা মিষ্টি সুরেলা গান
একালের প্রেম মানে শরীরের কামনা -  বাসনার আখ্যান
না বলা কল্পনার কথারা আঁকতো আল্পনা নয়নের দৃষ্টিতে
আজ শুধুই শরীর কথা বলে , প্রেমের সৃষ্টিতে
একটি গোলাপ ফুল বহিত বার্তা  দুটি হৃদয়ের
আজ অজস্র উপহারে দুর্গন্ধ শুধু অর্থের
ভাঁড়ের চায়ের আমেজ উষ্ণতা ছড়াতো হৃদ্যতার
তারই মাঝে অব্যক্ত প্রেম রাখতো তার সম্ভার
আজ ঝাঁ চকচকে রেস্তোরায় খরচে প্রাণ ওষ্ঠাগত
হাজার আলোর রোশনাইতেও প্রেম আজ পথ হারিয়ে দিগভ্রান্ত
সেকালে মনের কথারা ছড়াতো সুবাস  চিঠির আদান-প্রদানে
আজকের প্রেম মাধুর্য্য হারায়,আবডালহীন মোবাইল ফোনে 
দূরত্ব, অপেক্ষা, প্রহর গোণায় মিশে ছিল মনের আকুতি- আবেগ
আজ সর্বক্ষণ যোগাযোগে আবেগ হারায়, জমা হয় খেদ,
মনেই ছিল সেকালের প্রেমের বাসরঘর
আধুনিকতার প্রযুক্তির চাপে  প্রেম হারায় তার মনের ঘর
উৎসব-পালা-পার্বণে চোরা চাউনিতে, উষ্ণ হাতের হাল্কা স্পর্শে
প্রেম ছুঁত মনের অলিন্দ,ছড়াতো অনুরাগের আবীর,অজানা আনন্দে-হর্ষে
হৃদয় বিনিময়েই লেখা হতো, সকল প্রেমের মর্মগাথা
ভালোবাসাই সেথা ছিল প্রাণ, প্রেম ছিল যেন রূপকথা
সহজলভ্য কামনা-বাসনা-যৌনতায় প্রেম আজ তার ভাষা হারায়
হৃদ্যতা তাই আজ বর্ণহীন, ভালোবাসা সেথা মৃতপ্রায়..…

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

একলা চলার মহিমা।

ডায়েরির পাতায় আপনার চিন্তা প্রকাশের কৌশল।

পুরোনো বইয়ের দোকান।