অশান্ত সময় - পার্থ প্রতিম গুহ নিয়োগী।

অশান্ত সময় সব 
যখন তোমরা কঠিন ব্যাধির মত এসে
আয়ুর মাথা থেকে নেমে যাও ধীরে
সকল কবিতার পঙক্তিগুলো ইতিহাসের কালো 
ঘাম মনে হয়।
তোমরাই তো অদৃশ্য সেসব জীবন
যারা চোখের আবেদনকে করে ফেলে কঠিন
পাথরসম দৃষ্টি!
অশান্ত সময় সকল,
যখন তোমরা চারিদিক থেকে আমাকে
বেঁধে ফেলো,
আমাকে নিয়ে যাও বর্তমান থেকে দূরে
হয় অতীত, নয় ভবিষ্যতে;
(যাদের নাগাল  কখনোই পাওয়া যায় না।)
তোমরা ভুলিয়ে দাও আমার সময় চক্রে দগ্ধ সন্তানকে
কিংবা যুদ্ধে, আন্দোলনে বুলেটবিদ্ধ-একান্ত শৈশব।
ঘুমের ঘোরে আত্মসমীক্ষায় দেখি আবার
হেঁটে এসে তরুণী মেয়ে আমার পায়ের দিকে চেয়ে
চলে যেতে চায় নক্ষত্রের কাছাকাছি,
অশান্ত সময় সকল আমায় নিয়ে খেলছ কেন কানামাছি!!

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

একলা চলার মহিমা।

ডায়েরির পাতায় আপনার চিন্তা প্রকাশের কৌশল।

পুরোনো বইয়ের দোকান।