শৈশব - পার্থ প্রতিম গুহ নিয়োগী।

আমার যা কিছু মূল্যবান, দূর্লভ, দুষ্প্রাপ্য
সংগ্রহ সবই সেই শৈশবের ;
যা কিছু প্রাচীন, গভীর, গোপন,--- সবকিছুই 
প্রত্নতাত্ত্বিকের জমানো ডাকটিকিটের মত
শৈশবের পোস্টকার্ডে সেঁটে আছে। 

ঘন্টা, মিনিট, সেকেন্ড এর কাঁটা 
অকেজো হয়ে হঠাৎ থেমে গেছে;
জানলার ফাঁক দিয়ে চুইয়ে আসা 
শৈশবের এক-চিলতে রোদ্দুরের সময় কাঠামোতে । 

বরফের মত গলে গলে যায় সময় 
টুপটাপ করে খসে পরে, ঝরে পড়ে মুহূর্ত ,
পল, অনুপল.....ধাবমান সময়চাকার দিকে 
এগিয়ে আসা প্রতিটা দিন আর উজ্জ্বল নয়। 

শৈশবের চৌকাঠ পেরিয়ে 
বড় হয়ে আমি নতুন কিছুই শিখিনি, জানিনি; 

ধার করা আলো, আর প্রতিবর্ত ক্রিয়ায় 
যা কিছু চিনেছি, তা অভ্যস্ত চোখ ও মনের 
চেনা গাণিতিক সমীকরণ।
আমার আবিষ্কারের, সবকিছুই জমা হয়ে আছে
আবছা ফেলে আসা, ছোট্ট শৈশবের উঠোনে। 

স্মৃতির কোটরে যা কিছু ছিল সবই বদলে গেছে
ক্ষয়ে, নুয়ে, ভেঙ্গে গেছে; রোদে জলে ধুয়ে গেছে, মুছে গেছে।
মনের কোনায়, ল্যাম্পপোস্টের সাথে আজও ছেঁড়া ঘুড়ির মত 
আটকে আছি হারিয়ে যাওয়া  শৈশবের সেই ছোট্ট ‘আমি’।






মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

একলা চলার মহিমা।

ডায়েরির পাতায় আপনার চিন্তা প্রকাশের কৌশল।

পুরোনো বইয়ের দোকান।