কার্ল মার্ক্স
কার্ল মার্ক্স:
কার্ল মার্ক্স বেঁচে থাকলে আজ তাঁর বয়স হতো দুশো বছর। 'দুনিয়ার মজদুর এক হও' এই শ্লোগানে যিনি শোষিত-বঞ্চিত মেহনতি মানুষকে তাদের ন্যায্য অধিকারের বিষয়ে সচেতন করতে আমৃত্যু সংগ্রাম করেছেন, তিনি হলেন উনবিংশ শতাব্দীর প্রখ্যাত জার্মান চিন্তাবিদ, দার্শনিক, সমাজবিজ্ঞানী ও বৈজ্ঞানিক সমাজতন্ত্রের প্রতিষ্ঠাতা কার্ল মার্ক্স।
তার পুরো নাম কার্ল হাইনরিশ মার্ক্স (Karl Heinrich Marx)। তিনি ১৮১৮ সালের ৫ ই মে তৎকালীন প্রাশিয়ার ত্রিভস শহরে সচ্ছল মধ্যবিত্ত পরিবারে জন্ম গ্রহণ করেন এবং ১৮৮৩ সালে চরম অর্থকষ্টের মধ্যে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বাবা হার্শেল মার্ক্স পেশায় আইনজীবী ছিলেন। তার পূর্বপুরুষ যদিও ইহুদি ধর্মাবলম্বী ছিলেন, কিন্তু মার্ক্স জন্মাবার পরে তার পরিবার খ্রিষ্টান (প্রটেস্টান্ট) ধর্মে দীক্ষিত হয়। ছোট বেলা থেকে মার্ক্স ভালো ছাত্র হিসাবে পরিচিত ছিলেন। এছাড়াও তিনি ছিলেন একজন স্বভাব কবি। তিনি বন ও বার্লিন বিশ্ববিদ্যালয় থেকে আইন, দর্শন এবং ইতিহাসের পাঠ গ্রহণ করেন এবং ১৮৪১ সালে তিনি ইউনিভারসিটি অফ জেনা থেকে পি.এইড.ডি ডিগ্রী লাভ করেন। শিক্ষাজীবন শেষে তিনি রাইনল্যান্ডের যুবকদের দ্বারা পরিচালিত 'রাইন অঞ্চলের সংবাদ পত্র' নামক পত্রিকায় যোগ দেন এবং ১৮৪২ সালে তার সম্পাদক নিযুক্ত হন। সম্পাদক হিসাবে যোগ দেয়ার পর থেকেই ক্ষুরধার লেখনীর মাধ্যমে কাগজটির প্রতিবাদী কণ্ঠস্বর চারিদিকে ছড়িয়ে পড়লে তৎকালীন সরকার পত্রিকাটি বন্ধ করে দেন। এই সময় মার্ক্স অর্থশাস্ত্রের প্রতি আকৃষ্ট হন এবং তার পাঠ নেওয়া শুরু করেন।
১৮৪৩ সাল মার্ক্সে তার প্রেমিকা জেনি ভন ভেস্তফানেলকে বিয়ে করেন। এরপর তিনি প্যারিসে চলে আসেন এবং এখান থেকেই তিনি শুরু করেন অপরিসীম দারিদ্র ও ইউরোপীয় শক্তিশালী রাষ্ট্রশক্তির বিরুদ্ধে লড়াই। আর মার্ক্সের এই সংগ্রামে তার পরিবারের পাশে এসে দাঁড়ান তার অকৃত্রিম বন্ধু ও সহযোগী ফ্রেডরিক এঙ্গেলস। ১৮৪৫ সালে প্রাশিয়ার সরকারের ষড়যন্ত্রে তিনি প্যারিস থেকে পরিবার সমেত বিতাড়িত হন এবং তিনি চলে যেতে বাধ্য হন ব্রাসেলস-এ। ১৮৪৭ সালে মার্ক্স ও এঙ্গেলস কম্যুনিস্ট লিগে যোগ দেন এবং সেই বছরই এঙ্গেলস-এর সহযোগিতায় যৌথভাবে রচনা করেন শ্রমিক শ্রেণীর অমোঘ হাতিয়ার 'The Communist Manifesto'। এছাড়া তার উল্লেখযোগ্য রচনাগুলো হলো, The Capital, Value Price And Profit, The Critique Of Political Economy, The Proverty Of Philosophy । তবে তার Communist Manifesto একটি অমর সৃষ্টি যাকে অনেকে 'সর্বকালের অন্যতম প্রধান রাজনৈতিক দলিল' বলে অভিয়িত করেছেন।
মার্ক্স সমাজতন্ত্রের যে আদর্শ প্রচার করেছেন রাষ্ট্র দর্শনের আদর্শ হিসাবে তা একেবারেই নতুন নয়। আদর্শ হিসাবে সমাজতন্ত্রের জন্ম সুপ্রাচীন কালে গ্রীক দার্শনিক প্লেটোর লেখনীতে হলেও উনবিংশ শতাব্দীতে সমাজতন্ত্রের যথার্থ আত্মপ্রকাশ ঘটে রবার্ট ওয়েন, সেন্ট সাইমন, চার্লস ফুরিয়ারের লেখনীর মাধ্যমে। তবে এদের মতবাদ পরিপূর্ণতা ও বাস্তবতা বর্জিত হওয়াই তা কাল্পনিক সমাজতন্ত্র হিসাবে আখ্যায়িত হয়। সমাজতন্ত্রকে কল্পনার রাজ্য থেকে ইতিহাস ও অর্থনীতির বস্তুনিষ্ঠ বিশ্লেষণের উপর প্রতিষ্ঠিত করেন মার্ক্স ও এঙ্গেলস। তারা সমাজতন্ত্রকে দ্বান্দ্বিক বস্তুবাদের বৈজ্ঞানিক ভিত্তির উপর প্রতিষ্ঠিত করেন এবং এটিকে চিন্তার মানসলোক থেকে টেনে বের করে মানুষের বাস্তব জীবনে প্রয়োগ করার চেষ্টা করেন। মার্ক্স কাল্পনিক সমাজতন্ত্রীদের মত কেবল পুঁজিবাদের কুফল গুলির সমালোচনা করেই তার দায়িত্ব শেষ করেন নি বরং তিনি এটিকে শ্রেণী সংগ্রাম নীতির উপর প্রতিষ্ঠিত করে একান্তভাবে শ্রমিক শ্রেণীর আন্দোলন বলে চিহ্নিত করেন।
মার্ক্সের দর্শন তথা সমাজতান্ত্রিক চিন্তাধারা দ্বান্দ্বিক পদ্ধতির উপর প্রতিষ্ঠিত। তবে পদ্ধতি হিসাবে দ্বন্দ্ববাদের সাক্ষাৎ গ্রীক দার্শনিক সক্রেটিসের আলোচনায় দেখা যায়। কিন্তু মার্ক্স তার দ্বন্দ্ব তত্ত্বের প্রেরণা মূলত তার পূর্বসূরী দার্শনিক হেগেলের দ্বন্দ্ববাদ থেকে লাভ করেন। কিন্তু হেগেলের এই পদ্ধতিকে তিনি ভিন্ন ভাবে প্রয়োগ করে সম্পূর্ণ বিপরীত সিদ্ধান্তে উপনীত হন। মার্ক্স তার দ্বন্দ্ববাদের সাথে হেগেলের দ্বন্দ্ববাদের পার্থক্য নির্দেশ করতে গিয়ে নিজেই বলেছেন, "হেগেলের দৃষ্টিতে চিন্তা বা ধারণাই হলো জগত স্রষ্টা এবং প্রকৃত জগত হচ্ছে মন নির্ভর জগত। পক্ষান্তরে আমার কাছে বস্তুজগৎই হচ্ছে একমাত্র জগত বা আদর্শ এবং মানুষ তার মনের সাহায্যে এই বস্তুজগতকে চিন্তার মাধ্যমে জানতে চেষ্টা করে।" মার্ক্স দ্বন্দ্বমূলক বস্তুবাদের যে তত্ত্ব প্রচার করেন তার মূল কথা হলো, বস্তুই একমাত্র সত্ত্বা এবং গতি হলো তার স্বাভাবিক ধর্ম। বস্তুর অস্তিত্ব মনের উপর নির্ভরশীল নয় বরং মনের অস্তিত্বই বস্তুর উপর নির্ভরশীল।
মার্ক্স ইতিহাসের যে বস্তুতান্ত্রিক ব্যাখ্যা দিয়েছেন তাতে তিনি ইতিহাসের বিকাশ ও বিyবর্তন সম্পর্কে সনাতন দৃষ্টিভঙ্গিকেই গ্রহণ করেন। কিন্তু ভিন্নতর ব্যাখ্যা প্রদানের মাধ্যমে তিনি সম্পূর্ণ বিপরীত সিদ্ধান্তে উপনীত হন। তিনি মনে করেন, ইতিহাস তথা মানব জীবনের যাবতীয় ঘটনা একমাত্র অর্থনৈতিক বিচার-বিবেচনার দ্বারা পরিচালিত হয়। ইতিহাসের ঘটনাবলীকে ধর্মীয়, নৈতিক, আধ্যাত্মিক বা যে কোন কারণের অভিব্যক্তি বলে বর্ণনা করা হোক না কেন সেগুলি আদতে অর্থনৈতিক বিচার-বিবেচনা থেকে উৎসারিত। তার মতে, সামাজিক উৎপাদনের ফলে সৃষ্ট বিভিন্ন সম্পর্কের যোগফল নিয়েই সমাজের অর্থনৈতিক কাঠামো গঠিত হয়। এই ভিত্তির উপর আইনগত এবং রাজনৈতিক অধি-কাঠামোসমূহ প্রতিষ্ঠিত এবং সামাজিক চেতনার বিভিন্ন প্রকাশ এই ভিত্তির সঙ্গে সম্পর্কিত। বস্তুগত জীবনে উৎপাদনের যে পদ্ধতি বিরাজ করে তা সামাজিক, রাজনৈতিক ও আধ্যাত্মিক জীবন প্রক্রিয়ার সাধারণ চরিত্রকে নির্ধারিত করে। মানুষের চেতনা তার অস্তিত্বকে নিয়ন্ত্রিত করে না বরং সামাজিক অস্তিত্বই তার চেতনাকে নিয়ন্ত্রিত করে।
রাষ্ট্র সম্পর্কে মার্ক্সের ধারণা সনাতনী ধারণার সম্পূর্ণ বিপরীত ও চিত্তাকর্ষক। 'রাষ্ট্র একটি সার্বজনীন প্রতিষ্ঠান এবং তা মানুষের জীবনে মঙ্গল ও কল্যাণ বয়ে আনে'- এমন সনাতনী ধারণার তিনি তীব্র বিরোধিতা করে বলেন, রাষ্ট্র অভিন্ন কল্যাণের লক্ষ্যে নিবেদিত কোন সার্বজনীন প্রতিষ্ঠান নয় বরং তা যে কোন সমাজের প্রভাবশালী অর্থনৈতিক শ্রেণীর হাতে গড়া একটি সংগঠন এবং অন্যান্য শ্রেণীর উপর এই শ্রেণীর শাসন ও শোষণকে মজবুত করাই এর প্রধান লক্ষ্য। এটি প্রভাবশালী বুর্জোয়া শ্রেণীর একটি নির্বাহী কমিটি ছাড়া আর কিছুই নয়। ইতিহাস গত ভাবে যদিও শ্রেণী শত্রুতার বিষময় প্রতিক্রিয়া থেকে রক্ষা পাওয়ার জন্য রাষ্ট্রের জন্ম কিন্তু কালক্রমে অর্থনৈতিক অবস্থার ফলশ্রুতি হিসাবে তা অনতিকালের মধ্যে প্রভাবশালী অর্থনৈতিক শ্রেণীর ক্রীড়নকে পরিণত হয় এবং একমাত্র প্রভাবশালী শ্রেণীর স্বার্থরক্ষাকেই সে তার পবিত্র দায়িত্ব বলে গণ্য করে। পুঁজিতান্ত্রিক সমাজে রাষ্ট্র কেবলমাত্র পুঁজিপতিদের শোষণ করার হাতিয়ার হিসাবে ব্যবহৃত হয়। মার্ক্সের মতে, রাষ্ট্রের এই শ্রেণী চরিত্রের কথা বিস্মৃত হয়ে কেউ যদি মনে করেন যে, সকল নাগরিকের অভিন্ন কল্যাণ ত্বরান্বিত করাই রাষ্ট্রের কাজ তাহলে জানতে হবে তিনি মূর্খের স্বর্গে বাস করছেন।
মার্ক্সে তার নিজস্ব সমাজতান্ত্রিক চিন্তাধারার আলোকে পুঁজিবাদী সমাজের উৎপাদন ব্যবস্থার মৌলিক কিছু ত্রুটির কথা উল্লেখ করেছেন। এ বিষয়ে 'উদ্বৃত্ত মূল্যতত্ত্ব' নামে তিনি একটি মৌলিক তত্ত্বের আবিষ্কার করেন। তিনি অন্যান্য পণ্যের ন্যায় মানুষের শ্রম শক্তিকে একটি পণ্য বলে বিবেচনা করে বলেছেন যে, অন্যান্য পণ্যের মত শ্রমেরও দ্বিবিধ মূল্য বিদ্যমান যা বিনিময় মূল্য এবং ব্যবহারিক মূল্য বলে অভিয়িত করা যায়। শ্রম সংগ্রহ করার জন্য শ্রমিককে যে মূল্য দেওয়া হয় তা বিনিময় মূল্য। কিন্তু শ্রমিকের শ্রমের ফলে সৃষ্ট দ্রব্যাদি বাজারজাত করে যে মূল্য পুঁজিপতিরা অর্জন করে তা হলো শ্রমের ব্যবহারিক মূল্য। মার্ক্স এখানে দেখান যে, শ্রমের বিনিময় মূল্য অর্থাৎ শ্রমিককে প্রদত্ত পারিশ্রমিকের চেয়ে শ্রমের ব্যবহারিক মূল্য সব সময় বেশী থাকে। ব্যবহারিক মূল্যের এই উদ্বৃত্ত অংশকে তিনি 'উদ্বৃত্ত মূল্য' বলে অভিয়িত করেছেন। তিনি এই উদ্বৃত্ত মূল্যকে পুঁজিপতিদের 'চৌর্যবৃত্তির মাধ্যমে অর্জিত মূল্য' বলে গণ্য করেছেন।
মার্ক্সের তত্ত্ব অনুসারে, মানব সমাজের প্রতিটি রাজনৈতিক অবস্থা তার বিশেষ বিশেষ অর্থনৈতিক উৎপাদন ব্যবস্থার ফলশ্রুতি। অর্থাৎ, অর্থনৈতিক উৎপাদনের মাধ্যমগুলো যখন যে শ্রেণীর হাতে সংরক্ষিত থাকে তখন সেই শ্রেণী সামাজিক ও রাজনৈতিক জীবনে প্রাধান্য লাভ করে এবং তদানুসারে সামাজিক ও রাজনৈতিক জীবন ব্যবস্থার গতি প্রকৃতি নির্ধারিত হয়। এই উৎপাদন ব্যবস্থায় মানব সমাজ পুঁজিপতি ও প্রলিতারিয়েট-এই দুই শ্রেণীতে বিভক্ত হয় এবং এদের মধ্যে সংঘর্ষ দেখা দেয়।
মার্ক্সের মতে, প্রচলিত সকল সমাজের ইতিহাস শ্রেণী সংগ্রামের ইতিহাস। শ্রেণী সংগ্রাম সম্পর্কে তিনি বলেন, শিল্প বিপ্লবের পর থেকে আধুনিক সমাজগুলো সুস্পষ্ট দুটি শ্রেণীতে বিভক্ত। একটি হলো পুঁজিপতি শ্রেণী আর অন্যটি হলো প্রলিতারিয়েট বা শ্রমিক শ্রেণী। পুঁজিপতিদের ক্রমাগত শোষণের ফলে প্রলিতারিয়েট বা শ্রমিক শ্রেণী তাদের দুঃখ ও হতাশা সম্পর্কে যখন পুরোপুরি সচেতন হয়ে উঠবে তখন বিপ্লবে সূচনা হবে এবং আবহমান কাল ধরে যারা শ্রমিকদের শোষণ করে পুঁজিপতি হয়েছে তারা নিঃস্বত্ব হয়ে যাবে। রাষ্ট্রের যাবতীয় ক্ষমতা যখন প্রলিতারিয়েট হাতে চলে আসবে তখন তারা সে ক্ষমতাকে ব্যবহার করে তাদের মধ্যের বৈষম্য দূর করার চেষ্টা করবে।
মার্ক্সীয় সমাজতন্ত্রের বিকাশের পথে প্রলিতারিয়েতদের একনায়কত্ব একটি অন্তর্বর্তীকালীন অবস্থা মাত্র। মার্ক্সের সমাজতন্ত্রের মূল্য লক্ষ্য হলো শ্রেণীহীন সমাজ প্রতিষ্ঠা করা। যখন সমাজ ব্যবস্থা থেকে সকল শ্রেণী বৈষম্য দূর হবে তখন প্রলিতারিয়েত শ্রেণী তার শ্রেণী চরিত্র হারিয়ে ফেলবে এবং রাষ্ট্রের আর কোন প্রয়োজন থাকবে না। শ্রেণীহীন সমাজ প্রতিষ্ঠিত হওয়ায় মানুষের শাসনের জায়গায় প্রতিষ্ঠিত হবে বস্তুর শাসন এবং রাষ্ট্রহীন সমাজ প্রতিষ্ঠিত হওয়াই মার্ক্সীয় দ্বন্দ্ববাদেরও অবসান ঘটবে। এখানে ব্যক্তি যোগ্যতা অনুসারে সমাজকে দান করবে এবং প্রয়োজন অনুসারে ব্যক্তি পাবে সমাজের কাছ থেকে।
মার্ক্সের সমাজতান্ত্রিক চিন্তা-চেতনা যদিও তার জীবদ্দশায় খুব বেশী জনপ্রিয়তা বা কার্যকারিতা লাভ করে নি। কিন্তু পরবর্তীতে তার চিন্তা গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে। অনেক রাষ্ট্রনায়ক তার চিন্তাকে গ্রহণ করে সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। যদিও তার চিন্তা চেতনার সম্পূর্ণ বাস্তবায়ন এখনও সম্ভব হয়নি তবুও তার চিন্তা-চেতনা কোটি কোটি শ্রমজীবী মানুষকে এক হতে এবং শোষণ-বঞ্চনার বিরুদ্ধে রুখে দাঁড়াতে সহায়তা করে চলেছে এবং ভবিষ্যতে করবে।
সমাজ এবং পুঁজিবাদ সম্পর্কে নিজের বিখ্যাত তত্ত্বের জন্য মার্ক্সের খ্যাতি দুনিয়া জোড়া। উনিশ শতকের এই দার্শনিক সমাজ এবং পুঁজিবাদ সম্পর্কে যে বিখ্যাত ভবিষ্যদ্বাণীগুলো করেছিলেন, সেগুলো কতটা সঠিক প্রমাণিত হয়েছে?
১. 'কাল্পনিক চাহিদা' তত্ত্ব:
মার্ক্স বলেছিলেন পুঁজিবাদ এমন সব জিনিস তৈরি করবে, যা মানুষের দরকার নেই, কিন্তু তারপরেও সে বস্তুর চাহিদা তৈরি হবে। একেই তিনি 'কাল্পনিক চাহিদা' বলে নাম দিয়েছিলেন।
যেমন ধরা যাক, ফ্যাশন। চলতি হাওয়ার সাথে তাল মিলিয়ে কাপড়-চোপড় পরতে গিয়ে আমরা এমন সব কাপড়-চোপড় ফেলে দিচ্ছি যেগুলো আসলে এখনো ব্যবহার করা যায়।
অথবা স্মার্টফোনের কথাই ধরা যাক । যে স্মার্টফোনটি আপনার হাতে আছে, তার তুলনায় বাজারে আসা নতুনটির তফাৎ খুব সামান্যই। তারপরও ফোন কোম্পানিগুলো বিরামহীন নতুন মডেল উদ্ভাবন করে বাজারে ছাড়ছে এবং সর্বশেষ মডেলের ফোনটির জন্য রীতিমত প্রতিযোগিতা চলছে ভোক্তাদের মধ্যে।
২. 'উত্থান এবং পতন' তত্ত্ব:
পুঁজিবাদের প্রকৃতিই হচ্ছে এটি 'অর্থনৈতিক প্রবৃদ্ধি' আর 'মন্দা'র মধ্যে ঘুরপাক খায়। সেই অর্থে ২০০৮ সালে বিশ্ব জুড়ে অর্থনৈতিক মন্দা তাঁর ভবিষ্যদ্বাণী মতই হয়েছে।
তিনি বলেছিলেন, লাভের জন্য পুঁজিবাদের যে তীব্র ক্ষুধা, সেজন্য বিশ্বে মানুষের যা প্রয়োজন তার চেয়ে উৎপাদন অনেক বেশি হবে। শ্রমিকের মজুরি এতই কমবে যে তারা নিজেদের উৎপাদন করা পণ্য কিনতে পারবে না।
আর মানুষ পণ্য না কিনলে পুঁজিবাদীরা মুনাফা করবে কিভাবে? যে কারণে পুরো ব্যবস্থা ব্যর্থ হতে শুরু করবে।
৩. 'একাধিপত্য':
সাধারণ অর্থে পুঁজিবাদের বাজারে প্রতিযোগিতা সৃষ্টি করার কথা। যেমন পাড়ার মাংস ও মাছ বিক্রেতার মত ছোট ব্যবসা পরস্পরের সঙ্গে প্রতিযোগিতা করবে।
কিন্তু মার্ক্স বলেছেন, কোম্পানিগুলো এত বড় হতে থাকবে যে তারা নিজেদের প্রতিদ্বন্দ্বীদের ক্রমে গ্রাস করে নেবে, যতক্ষণ পর্যন্ত না তাদের একাধিপত্য প্রতিষ্ঠিত হয়।
৪. 'মধ্যবিত্তের সংকোচন'
কার্ল মার্ক্স বলেছেন, পুঁজিবাদের ধরণ অনুযায়ী মুনাফার জন্য বড় ব্যবসায়ীরা কর্মীদের বেতন ও সুবিধাদি কমিয়ে দেয়।
এতে মধ্যবিত্ত ক্রমে গরীব হতে থাকে। এর ফলে একটি বড় অংকের নগদ অর্থ অল্প কিছু মানুষের হাতে জমতে থাকে।
আজকের পৃথিবীতে তিন শো সত্তর কোটি মানুষের যা সম্পদ, তার চেয়ে বেশি সম্পদ আছে মাত্র ৪২ জন ধনী মানুষের হাতে।
চীন, ভারত আর যুক্তরাষ্ট্রের সম্মিলিত জনসংখ্যা তিন শো সত্তর কোটি।
৫. বিপ্লব?
কার্ল মার্ক্সের সবচেয়ে বড় তত্ত্ব ছিল পুঁজিবাদ নিজেই নিজের ধ্বংস ডেকে আনবে।
কিভাবে?
তিনি বলছেন, যখন সবাই বুঝতে পারবে যে এই পদ্ধতিতে গলদ আছে, তখন তারা নিজেরাই বিদ্রোহ করে বিপ্লব ঘটাবে।
কিন্তু সেটি এখনো বাস্তবে ঘটেনি। যদিও সাম্প্রতিক সময়ে কম্যুনিস্ট আদর্শে উদ্বুদ্ধ হয়ে বিপ্লবের অনেক নজির আছে।
এসব বিপ্লব যে ব্যর্থ হয়েছে সেজন্যে কেউ কেউ দুর্নীতিকে দায়ী করে থাকেন। তবে আবার কেউ কেউ বলেন মার্ক্সের তত্ত্বই আসলে ভুল।
তথ্য : আন্তর্জাল, উইকিপেডিয়া ও বিভিন্ন পত্রিকা।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন